আরসিবি কেনার দৌড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার, কোহলি-মন্ধানাদের দলের জন্য ১৬,৩০০ কোটি দিতে তৈরি গ্লেজ়ার
ম্যাঞ্চেস্টার ইউনাইডেটের সঙ্গে প্রায় এক দশক ধরে জড়িয়ে আব্রাম গ্লেজ়ার। ইপিএলের পর তিনি আইপিএলেও বিনিয়োগ করতে চান। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের আরসিবি কেনার দৌড়ে তিনি।
কালবেলা নিউজ 24
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৫

আব্রাম গ্লেজ়ার। ছবি: এক্স।
আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিক্রি হওয়া এখন কার্যত নিশ্চিত। বিরাট কোহলি ও স্মৃতি মন্ধানাদের দলটি কেনার দৌড়ে এগিয়ে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজ়ার।
সূত্রের খবর, আরসিবি কেনার জন্য গ্লেজ়ার ১.৮ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন। গ্লেজ়ার পরিবারের মালিকানাধীন সংস্থা ল্যান্সার ক্যাপিটাল-এর নামে এই দরপত্র জমা পড়েছে।
জানা গিয়েছে, জমা পড়া একাধিক দরপত্রের মধ্যে গ্লেজ়ার পরিবারের প্রস্তাবিত মূল্যই সর্বোচ্চ। সেই কারণে আগ্রহী ক্রেতাদের মধ্য থেকে যে সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে, তাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধারের সংস্থার নাম শীর্ষে রয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আরসিবির মালিকানা বদলের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।